Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

দেবাশিস ভট্টাচার্য্য

 

প্রত্যেকেরই জীবনে কিছু কথা থাকে যা সত্যি না বলে রূপকথা বলাই ভাল। সে অনেকদিন আগের কথা – বছরটা খেয়াল নেই, আমার পশ্চিমবাংলা ছেড়ে স্বপ্ননগরী মুম্বাই যাত্রা – অনেক আশা, আকাঙ্খা, স্বপ্ন নিয়ে। এখনও মনে পড়ে মায়ের সেই করুণ মুখ, সেই কান্না, সেই সাবধানবাণী – বাবু, সাবধানে থাকিস – কথাটার মধ্যে বন্ধনের তীব্রতা যা এত বছরেও হারিয়ে যায় নি। একেক সময় মনে হয় ওই সাবধানবাণীই বোধহয় হারিয়ে যেতে দেয়নি নানা প্রলোভনের মাঝেও।

আমার অফিস-এর নাম ছিল কাশী ইনফোকম। নামটা কেমন একটা অস্বস্তিকর। কোথায় কাশী, এক ধর্মস্থান, আর কোথায় ইনফোকম – এ যেন দুই মেরুর মিলন! স্মৃতির বেড়াজালে অনেক কিছুই জড়িয়ে রয়েছে; সেই অফিস একমোডেশন – দশ-বারো’টি ছেলের একসাথে ফ্ল্যাটে থাকা, দিনে একদল আর রাতে আরেকদল; কলসেন্টার মাপের অফিস, খোলা তিনশো পঁয়শট্টি দিন, চব্বিশ ঘন্টা; আমার কাজ শুরু হত রাতে, তাই টানা ছ-মাস রাতজাগা দিনগুলো, আরও কত কি।

কাশী ইনফোকম-এর প্রীতম – সকলে ছোটো করে ডাকত, প্রীত – ছিল একটু মোটাসোটা, গাব্দা-গোব্দা, লম্বা-চওড়া, হাসি-খুশি একটি ছেলে। প্রথম আলাপেই সকলকে আপন করে নেয়। আমার সাথে পরিচয়টাও ভারী অদ্ভুত। ছেলেটি কাজ করত সিস্টেমস-এ, অর্থাৎ আমাদের সকলকে টেক্‌-সাপোর্ট দেওয়া ওর কাজ। এক রাত্তিরে হঠাৎ-ই আমার কাছে এসে হাত বাড়ায়। স্বাভাবিক প্রতিক্রিয়ায় হাত বাড়াতে গিয়ে দেখি এক বিচিত্র ভঙ্গিমায় হাতটিকে ওপর দিকে তোলে – যেন আমার দিকে হাত মেলানোর জন্য বাড়ায়ইনি। অপ্রস্তুত হয়ে হাতটা নামাতেই জড়িয়ে ধরে। নিমেষের মধ্যে আমার সব জড়তা, বাধা কোথায় উধাও হয়ে যায়।
আমার পাশে বসত একটি শান্ত-শিষ্ট কেরালিয়ান ছেলে। সে হেসে বলে – হি ইস লাইক দ্যাট ওনলি‌, বাট ভেরি পিয়র অফ হার্ট। সত্যিই ওর হাসির নির্মলতা সব গ্লানি মুছিয়ে দিত।
এ অফিসে আরোও কিছু চরিত্র ছিল যা আমায় খুব টানত। তারমধ্যে বিশেষ নজর কাড়ত ভীষণ শান্ত, কম কথা বলা, লাজুক এক যুবক। সারাদিনই যেন অন্য দুনিয়াই বাস করছে। সে ছিল সকলের জীতুয়া। জীতেন্দর থেকে জীতুয়া কখন হয়ে গেছিল তা সে নিজেও বোধকরি জানেনা। এই ছেলেটির সাথে প্রীত-এর সম্পর্কটা ছিল দেখার মত – সারা রাত্তির প্রীত ওর পিছনে কাঠি করছে, অথচ ভীষণ শান্তভাবে জীতুয়া তা সামাল দিচ্ছে।
একদিনের কথাই ধরা যাক – রাত্তিরে টি-ব্রেক। সকলেই অফিসের বাইরে ফাঁকা জায়গাটায় এসে দাড়িয়েছে। জমেছে আড্ডা। প্রীত প্রতিদিনের মতই ফুল ফর্ম-এ। কেউ বসেছে সিঁড়িতে, কেউ বা বাইকের ওপর। জীতুয়া চায়ের কাপটি নিয়ে এসে দাঁড়ায়। নিমেষের মধ্যে প্রীত ও আরেকটি ছেলের দৃষ্টিবিনিময় হয় যা আমার চোখ এড়ায়নি। জীতুয়া যেই একটি সিগারেট পকেট থেকে বার করে প্রীত ভাল মুখ করে বলে – ছোড় না তেরা ওহ্‌ ছোটা সিগ্রেট; বড়া সিগ্রেট পী।
কিছু না ভেবেই হাত বাড়ায় জীতুয়া। খানিকবাদে শুরু হয় কাশি। কেউই ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি শুধু দুজন ছাড়া; অবশ্য আরো একজন উপলব্ধি করেছিল নীরবে। পরে প্রীতকে চেপে ধরাতে ব্যাপারটা পরিষ্কার হয়। সিগারেটের ফিল্টারটি খুলে গুঁড়োলঙ্কার মশলা সামান্য একটু মিশিয়ে ছিল। যাইহোক, এইসব হাসি-মজা, দুষ্টুমি ও কাজ নিয়েই সকলের কাজের রাতগুলি কাটছিল।

এই অফিসের বিশেষ একটি দিক – মাসকাবারি বেতনের কোনও নির্দিষ্ট দিন ছিল না; প্রতি মাসই প্রায় একমাস পেছনে চলত। সে সময়ে রাত্তিরের অফিস হোত দেখার মত। এ বলে কাজ করব না, ও বলে কাজ করব না। চারিদিকে একটা বিদ্রোহের ছায়া। মাঝেমাঝে মনে হোত এত অসুবিধে নিয়ে মানুষগুলো এ জায়গায় পড়ে থাকে কেন। একান্তে সকলের সাথে কথা বলে বুঝেছি – ওখানে তাদেরই স্থান যাদের আর কোনও পথ নেই; প্রত্যেকেরই কিছু না কিছু বাধা আছে, যা তাদেরকে পরবর্তী গন্তব্যর দিকে অগ্রসর হওয়া থেকে আটকে রেখেছে। আরেক প্রজাতির জীবও ওখানে কাজ করে, যা দেখার সৌভাগ্যও আমার হয়েছে – যাদের কাজ না করে গল্প করাটাই কাজ। প্রথমে একটু অবাক হয়ে ভাবতাম – এত বড় অফিস, বড় এস্টাব্লিশমেন্ট – কি করে চলছে?

সাতপাঁচ চিন্তা-ভাবনা নিয়েই আমার অফিস-জীবন যথারীতি এগিয়ে চলে; বাড়ে প্রীতমের সাথে ঘনিষ্ঠতাও। এক রাত্তিরে কাজে বসেছি, হঠাৎ প্রীত এসে হাজির। কিছু না বলে চোখের ইশারায় ডেকে নিয়ে যায় ওর রুমে। দেখি আরও চারজন সিস্টেমস্‌-এ বসে। রুম-এর মধ্যে মেশিনের শব্দ, চারিদিকে ছড়ানো-ছেটানো অগোছাল ভাবটা দেখে বিরক্ত হয়েই বলি – কেয়া হুয়া?
ভালভাবে খেয়াল করে দেখি, যেন এক উগ্র উদ্যম কাজ করে চলেছে ওদের ক’জনের ভিতর। প্রীত উঠে একটা প্যাকেট নিয়ে আসে, খুলে টেবিলের ওপর রাখে। কয়েকটি পাঁচশো ও একশো টাকার মেশানো বান্ডিল। কিছু না বুঝে প্রীত-এর দিকে নজর পড়তেই বলে – দাদা, পঁচাস হজার হ্যায়। কুছ ধন্দা বতাও না।

মুখ দিয়ে হঠাৎই বেরিয়ে যায় – মচ্ছিকা ধন্দা করো। আর একটাও বাক্য বিনিময় না করে পা বাড়াই।
এরপর কেটে গেছে বেশ কিছুদিন। প্রত্যেকদিনই রাত্রে অফিস করি আর সকাল হলে ফিরে যাই নিজের ডেরায়। ওদের দিকে চোখ পড়ে কিন্তু কিছু বলি না। চারজনের চোখের দিকে তাকালে এক উদ্দীপনা নজরে পড়ে। অযথা কৌতূহলী হওয়া আমার স্বভাববিরুদ্ধ বলে প্রশ্ন করি না।

প্রায় মাসখানেক পর প্রীত একদিন ডাক দেয় – দাদা। স্নেহবশতই চেয়ার টেনে বসতে বলি। উদ্দেশ্য একটাই, সেদিনের ঘটনার পিছনে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর খোঁজা।
প্রীত না বসে পাল্টা বলে – কল সুবহ আপসে কাম হ্যায়। আপকো চলনা হোগা মেরে সাথ।
চোখটা একটু বড় করি প্রশ্নাত্মক ভঙ্গীতে। উত্তর না দিয়ে একটু হেসে প্রীত চলে যায়। ওর হাঁটার ভঙ্গির মধ্যে তফাত ধরা পড়ে।
পরদিন দুপুর বারোটায় প্রীত হাজির। এসেই শুরু হল পুরোন প্রীত-এর হাসি-মজা। ভারি ভাল লাগল ওর হাসি-খুশি নির্মল মুখটা। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই ওর সাথে। বেশ কিছুটা এসে বুঝি আমরা ঢুকছি কোন এক অফিস পাড়ায়, বাইকটা সোজা এনে দাঁড় করায় এক মাঝারি মাপের ভ্যানের সামনে। তখনও বুঝিনি আমার জন্য অপেক্ষা করে রয়েছে এক চমক, ভ্যানটির পিছনেই। এগিয়ে দেখি অধীর অপেক্ষায় রয়েছে বাকিরা। অবাক কাণ্ড! চারজনে মিলে খুলেছে মোবাইল ফিশ শপ। নামটাও ভারী সুন্দর – কাশী’স্‌।
শুরু হোল আমার প্রশ্নের পর প্রশ্ন। শেষে বুঝলাম, প্রায় বিরক্ত হয়ে বলা কথাটায় গুরুত্ব দিয়ে, ওরা খুলেছে মাছের দোকান। গাড়িটা নিয়েছে ভাড়ায়। শিশুর মত আগ্রহে সব দেখছিলাম। সুন্দর ডেকোরেট করে রাখা মাছের বিভিন্ন প্রিপারেশ‌ন। কাস্টমার এলেই তৎক্ষণাৎ রেডি করে সার্ভ। দিনের শেষে সব দেওয়া-নেওয়ার পর থাকে প্রায় হাজার খানেক টাকা। প্রীত বলে – কেয়া দাদা, ঠিক হ্যায় না?
উত্তর দেওয়ার ভাষা সে মুহূর্তে আর ছিল না। শুধু বুঝলাম, কিছু করার তাগিদ ওদের এগিয়ে নিয়ে চলেছে। সত্যিই এ জগৎ সংসারের রহস্য বোঝা ভার। কখন কোথায় তা বাঁক নেয় কেউ জানেনা।
প্রশ্ন করি – রাতকা অফিস?
উত্তর আসে – দো দো করকে সমহালতে হ্যায়। এক কথায় মনের সব দ্বিধা কেটে যায়। বিশ্বাস আসে ওদের ওপর। খুশি মনে বিদায় নিই ওদের কাছ থেকে।

সময় তার নিজস্ব নিয়মেই এগিয়ে চলে। এগিয়ে চলে প্রীতদের ব্যবসা ও আমার অফিস জীবনও। অগোছালো কাশী ইনফোকম-এর জীবন থেকে বেরিয়ে নতুন অফিসে জয়েন করেছি; কেটে গেছে প্রায় বছরখানেক, হয়েছি আরও ব্যস্ত, থাকার জায়গারও পরিবর্তন হয়েছে। কর্মব্যস্ততার মাঝে প্রায় ভুলতেই বসেছি ওদের কথা। একদিন নতুন ফ্ল্যাট-এ ঢোকার মুখে দেখি প্রীত দাঁড়িয়ে। তাড়াতাড়ি ওকে নিয়ে ওপরে যাই। চেহারা দেখে তো মনে হয় ভালই আছে। ফ্ল্যাটে ঢুকে শুরু হয় নানা কথা।
শেষে প্রীত জানায় তার আসার উদ্দেশ্য। ব্যাপারটা শুনে বুঝি প্রীত-এর ভেতরটা রয়েছে একই রকম। ওরা চারজন অফিস ছেড়ে দিয়েছে। ঐ অফিস থেকেই জোগাড় করেছে আরও দশটি ছেলে। শুরু হয়েছে আরও চারটে মোবাইল ফিশ শপ্‌। একটি নতুন দোকান কিনেছে, শুরু হচ্ছে একটি স্থায়ী কাউন্টার। তারই নিমন্ত্রণ নিয়ে হাজির প্রীত।
মোবাইল ফিশ শপ্‌-এর ধার ও ভার বাড়া নিয়ে কোনও সন্দেহ রইল না আর। প্রীত জানায়, জীতুয়া যোগ দেওয়ার পর থেকে ব্যবসার অনেক শ্রীবৃদ্ধি হয়েছে। একে একে এসেছে সবাই। কাউকেই জোর করে আনা হয়নি। স্বেচ্ছায় শ্রম ও অর্থের জোগানে এগিয়ে চলেছে কাশী’স্‌।

কথার মাঝেখানেই ওকে থামাই, বলি – বিয়েটা?
এবার প্রীত লজ্জা পেয়ে যায়। অনেক চাপাচাপির পর একটি মেয়ের কথা বলে, নাম – নেহা। নামটা শুনে চোখটা একটু ছোট হতেই প্রীত হেসে বলে – হাঁ… হাঁ দাদা, যো আপ সোচ রহে হো, ওহি সচ হ্যায়। হমারি অফিস কি নেহা। য়ে সব উনহি‌ কি চক্কর হ্যায়।
নেহা-ই নাকি জোর করে প্রীতকে আমার সাথে কথা বলতে বলে। আর আমার উত্তর শোনার পর বলেছিল – ওহি সহি, শুরু তো কর্‌।

প্রীত-এর কথা আর যেন প্রায় কিছুই কানে যাচ্ছে না; শুধু মনে পড়ছে অফিসের সেই প্রথম দিনটি। মেজনাইন ফ্লোর-এ এডমিন্‌-এর অফিস। অফিসের জয়েনিং-এর সব কাগজপত্রের কাজ সেরে বসে আছি এম.ডি.’র সাথে দেখা করব বলে। চুপ করে বসে দেখছি সকলকে। বার বার চোখ যাচ্ছে দূরে বসে থাকা কর্মরতা মেয়েটির দিকে। মাঝারি মাপের চেহারা, স্টেপকাট চুল, নীল জিনস্‌, ও গোলাপী ঘাঘরার মত টপটিতে লাগছে বেশ। নিজের খেয়ালে আমার ব্যক্তিগত তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে চলেছে। টেবিলের ঠিক ওপরেই এ.সি.-র ডাক্টটা থাকায় চুলগুলো হাওয়ায় একটু এলোমেলো হয়ে যাচ্ছে। মেয়েটি চেয়ার ঘুরিয়ে আমার দিকে ফেরে – দাদা, আপকা কোয়ালিফিকেশন কে সাথ বডি ল্যাঙ্গুয়েজ ফিট নেহি হ্যায়।
মুঁচকি হেসে বলি- কিঁউ?
পালটা হেসে, পেনটা ঠোঁটে লাগিয়ে এক গভীর দৃষ্টি নিয়ে বলে – পতা নেহি।
চোখের সামনে হাত নাড়া দেখে হুঁস ফেরে। প্রীত বলে – পর্দার আড়ালে সেই ব্যবসার পরামর্শদাত্রী।

সময় গড়িয়েছে। স্থায়ী দোকানের উদ্বোধনে গেছি। যোগাযোগগুলো আরও বেড়েছে। বেড়েছে প্রীত-এর যাতায়াতও। একদিন অফিসে হাজির। পিক্‌ আপ করে নিয়ে যায় সেই পুরোনো অফিস পাড়ায়। চা-এর দোকানের সামনে বাইকটা দাঁড় করিয়ে বলে – এক রিকোয়েষ্ট থা।
- ক্যায়া?
- মেরা এক দোস্তকো ধন্দা করনা হ্যায়। আপ বোল দিজিয়ে না কৈসে শুরু করেঁ।

আমি কিছুতেই প্রীতকে বোঝাতে পারিনা যে ওটা না ভেবে বলা কথা। খানিক প্রায় জোর করেই বন্ধুকে এনে হাজির করে আমার কাছে। সেই শুরু…
আরবসাগরের ওপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড়। পেরিয়েছে প্রায় দশ বছর। প্রীত-দের ব্যবসা বেড়ে এখন অনেকটাই বড়। পুরো মুম্বাই জুড়ে ফিশ শপ্‌-এর চেইন। তৈরি হয়েছে ব্র্যান্ড। নাম রয়ে গেছে সেই কাশী’স্‌।

আর আমার?
করতে এসেছিলাম চাকরি, প্রীত-এর বন্ধুদের সাহায্য করতে করতে কখন হয়ে গেছি বিজনেস্‌ কনসালটেন্ট, তা নিজেও টের পাই নি।



কোন কোন সময় আকাশ খালি বাড়ী হয়, মেঘেরা অন্য কোথাও ঘুমিয়ে পড়লে
আকাশের লুকানো ব্যথাগুলো প্রকাশ পায় ঘন নীল রঙে, নির্বাক নীরবতায়
আকাশ হয়তো কবিতা লিখে উদাসী চোখ মেলে কোন দূর দিগন্তের
কিছু ফেলে আসা স্মৃতি নিয়ে, মেঘ হাওয়া ঝড়ের খেলা মেলায় যখন সময়গুলো
থাকতো কোলাহল ভরা, যখন আঁকা হতো রঙের সাঁকো দূর বলাকার চোখের
উষ্ণতায়, যখন বাজতো মিঠেল বীনা দমকে দমকে লচকা নাচে ঘাটে যাওয়া
কোন তরুনীর বেনী যার দুলতো প্রথম ফাগুন যেন নিমেষে
রংধনু রাগ, জীবনের প্রথম প্রেমের পরশ পাওয়ার অনাবিল ছটফটানিতে যে ছিল
কোন কিশোরের ধমনীতে প্রথম বন্যা, সেই সব স্মৃতি নিয়ে আকাশ কবিতা লিখে
আকাশের রঙ আরো নীল হয়।

আকাশের রঙ আরো নীল হয়, যখন সে বুঝে সে খুব একা,
যখন সে বুঝে চরাচরে তাকে ফেলে চলে গেছে সবাই, পাখী মেঘ বাতাস বা ঘুড়ি
যে যার কাজে, সে শুধু একা পড়ে রোগশয্যায় কোন একজন
যার আর নেই কিছু, যার শুধু দেখা বা শোনা দূরে কিছু ছায়া আবছায়া
ঘোরাঘুরি, নিশ্বাসের শব্দ বা পায়ের আওয়াজ,
যার শুধু একা থাকা, মৌনতায় শুন্যতায় ডুবে যাওয়া নিজেকে ভেঙ্গেচুড়ে
পুরনো গানের একাকী সুরে......

মেঘহীন সে আকাশ নীল থেকে আরো নীল হয়, খা খা রোদে পুড়ে।



















ডাক্তার বদলি
মহিলার প্রতি ডাক্তার, ঠিক আছে আপনার আগের ডাক্তার কি বলেছে ?
রোগীঃ সে আমার সব কিছু বদলির ও পরিবর্তনের জন্য বলেছে।
ডাক্তারঃ তা আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন?
রোগীঃ আমি ডাক্তার বদলি দিয়েই সর্বপ্রথম আরম্ভ করেছি।

--------------------------------------------------------------------------------------------

ঢাকা অনেক দূর
ডাক্তার রোগীকে ব্যাবস্থাপত্র দিয়ে বললেন -
ডাক্তারঃ আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন।
রোগীঃ কেন? ঢাকা তো অনেক দূর! কুমিল্লায় রাখলে চলবে না ?

--------------------------------------------------------------------------------------------

হাতঘড়ি
অপারেশরেন রুগীকে কয়েকদিন পরে দেখে -
ডাক্তারঃ আরে আপনি! কি খবর? এখন কেমন আছেন? কোন সমস্যা হচ্ছে না তো?
রোগীঃ না, কোন সমস্যা হচ্ছে না। তবে হয়েছি কি এখন দম নেয়ার সময় আর ছাড়ার সময় বুকের ভেতরটায় টিকটিক শব্দ করে।
ডাক্তারঃ (বেশ আনন্দের সঙ্গে) তাইতো বলি, আমার এত দামি ব্রান্ডের হাত ঘড়িটা কই গেল?

-----------------------------------------------------------------------------------------

বদলি
মহিলার প্রতি ডাক্তার, ঠিক আছে আপনার আগের ডাক্তার কি বলেছে ?
রোগীঃ সে আমার সব কিছু বদলির ও পরিবর্তনের জন্য বলেছে।
ডাক্তারঃ তা আপনি এখন কি সিদ্ধান্ত নিয়েছেন?
রোগীঃ আমি ডাক্তার বদলি দিয়েই সর্বপ্রথম আরম্ভ করেছি।

-----------------------------------------------------------------------------------------

বেশীদিন বাচার উপায়
রোগীঃ ডাক্তার সাব! বেশীদিন বাচোনের কোন উপায় আছে কি?
ডাক্তারঃ যান বিয়া করেন গিয়া।
রোগীঃ ক্যান? বিয়া করলে কি বেশিদিন বাচন যায়?
ডাক্তারঃ তা কইবার পারুম না। তয় এতডা কইতে পারে যে আপনে বিয়ার পর আর বেশিদিন বাচনের চেষ্টা করবেন না।



কাশি প্রাকটিস
ডাক্তারঃ মনে হয় ঔষধ টায় কাজ হয়েছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভাল ঠেকছে।
রোগীঃ ভাল তো ঠেকবেই। কাল সারা রাত জেগে কাশিটা প্রাকটিস করেছি যে!

-------------------------------------------------------------------------------------------

একটু অপেক্ষা করুন
ডাক্তার : আপনার কি হয়েছে?
রোগী : ডাক্তার সাহেব আমাকে বাঁচান! আমি মনে হয় ১০ মিনিটের মধ্যে মারা যাবো।
ডাক্তার : একটু অপেক্ষা করুন, আমি ২০ মিনিটের মধ্যে ফিরে আসছি।

-------------------------------------------------------------------------------------------

কুকুরে কামড়েছে
রোগীঃ ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়েছে।
ডাক্তারঃ আপনি কি জানেন না যে আমার রোগী দেখার সময় ৪টা থেকে ৮টা।
রোগীঃ আমিতো জানি। কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরে তো আর ওটা জানে না।

------------------------------------------------------------------------------------------

চশমা দিয়ে পড়া
রোগীঃ ডাক্তার সাব, আপনি বলেছেন চশমা নিলে আমি পড়তে পারব।
ডাক্তারঃ নিশ্চয়ই এ বিষয়ে সন্দেহ কি?
রোগীঃ তাহলে ভালোই হবে। আমিতো পড়তে জানতাম না ।

-----------------------------------------------------------------------------------------

চুলকানির সমস্যা
রোগী : ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি। দয়া করে আমাকে একটা ওষুধ দিন।
ডাক্তার : দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।
রোগী : এতে কি চুলকানি সেরে যাবে?
ডাক্তার : আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।



ডাক্তারের ফি
১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু : গিয়েছিলাম।
১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন?
২য় বন্ধু : প্রায় সবটাই।
১ম বন্ধু : মানে?
২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।

-----------------------------------------------------------------------------------------

ডাক্তারের সাজেশন
: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে তাড়াতাড়ি আসুন |
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন | আমি আসছি |

----------------------------------------------------------------------------------------

ডাক্তারী পরার্মশ
এক বিগত যৌবনা চিত্রভিনেত্রী তার ডাক্তারের কাছে এসে জানালেন, আজকাল অল্পতেই তিনি হাপিয়ে ওঠেন , কিছুতেই তার ভালো লাগে না । পরীক্ষা করে ডাক্তার জানালেন শরীরে আপনার ভালোই আছে । তেমন কোনো রোগ নেই । আসলে আপনার দরকার হচ্ছে চেঞ্জ এর

চেঞ্জ - অভিনেত্রী বললেন কত আর চেঞ্জ করবো ? জানেন গত দু বছর আমি দুটি স্বামী , তিনটে বাড়ি , চারটে চাকর , পাচটা রাধুনী চেঞ্চ করেছি । এটা কোন ডাক্তারী পরার্মশ হল।

---------------------------------------------------------------------------------------

আমার মন নোঙরা?'
মানসিক রোগীর রোরশাখ ইঙ্কব্লট টেস্ট নিচ্ছেন মনোচিকিৎসক। হিজিবিজি কিছু কালির ছোপ রোগীকে দেখানো হয় এ টেস্টে।

প্রথম কার্ডটা এগিয়ে দিলেন তিনি। 'বলুন তো এটা কিসের ছবি?'

'একটা ছেলে একটা মেয়েকে জাপটে ধরে চুমু খাচ্ছে।'

দ্বিতীয় ছবিটা এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো?'

'ঐ ছেলেটা এবার মেয়েটার জামাকাপড় খুলে ফেলছে, আর মেয়েটা চেঁচাচ্ছে হাঁ করে।'

আরেকটা ছবি এগিয়ে দিলেন ডাক্তার। 'এটা কিসের ছবি বলুন তো?'

'ছেলেটা মেয়েটার চুল টেনে ধরে ঘাড়ে কামড় দিচ্ছে, আর মেয়েটা খিখি করে হাসছে।'

ডাক্তার আর পারলেন না। 'দেখুন, রিয়াদ সাহেব, আপনার রোগ খুব জটিল পর্যায়ে পৌঁছে গেছে। আপনার মনটা খুবই নোঙরা, আমি বলতে বাধ্য হচ্ছি।'

রিয়াদ সাহেব চটে আগুন। 'নিজে যত রাজ্যের নোঙরা ছবি এগিয়ে দিচ্ছেন আমাকে, আর বলছেন আমার মন নোঙরা?'


--------------------------------------------------------------------------------------

অদ্ভুদ রোগ
দিন এক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলল, “ডাক্তার সাব, আমার একটা অদ্ভুদ রোগ হয়েছে।”
ডাক্তার বললেন, “কি রকমভ”
রোগী বলল, “আমি অল্পতেই রেগে যাই। গালাগালি করি”
ডাক্তার বলল, “ব্যাপারটা একটু খুলে বলুন তো।”
রোগী বলল, “হারামজাদা, কয়বার খুলে বলব!!!”

---------------------------------------------------------------------





১। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশী। তো, একবার প্রমথনাথ বিশী কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমের একটি ইঁদারার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটি গাবগাছ লাগানো ছিল। কবিগুরু হঠাৎ প্রমথনাথকে উদ্দেশ করে বলে উঠলেন, ‘জানিস, একসময়ে এই গাছের চারাটিকে আমি খুব যত্নসহকারে লাগিয়েছিলাম? আমার ধারণা ছিল, এটা অশোকগাছ; কিন্তু যখন গাছটি বড় হলো দেখি, ওটা অশোক নয়, গাবগাছ।’
অতঃপর কবিগুরু প্রমথনাথের দিকে সরাসরি তাকিয়ে স্মিতহাস্যে যোগ করলেন, ‘তোকেও অশোকগাছ বলে লাগিয়েছি, বোধকরি তুইও গাবগাছ হবি।’

২। একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে বসে সকালের নাশতা করছিলেন। তো গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তাই তাঁকে ওটসের পরিজ (Porridge of Oats) খেতে দেওয়া হয়েছিল; আর রবীন্দ্রনাথ খাচ্ছিলেন গরম গরম লুচি।
গান্ধীজি তাই না দেখে বলে উঠলেন, ‘গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ।’ উত্তরে রবীন্দ্রনাথ বললেন, ‘বিষই হবে; তবে এর অ্যাকশন খুব ধীরে। কারণ, আমি বিগত ষাট বছর যাবৎ এই বিষ খাচ্ছি।’

৩। রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল, যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন, সেটা প্রথম দফা শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায়ই এরূপ পাঠের আসরে যোগদান করতেন। তা, একবার আসরে যোগদানকালে বাইরে জুতা রেখে আসায় সেটা চুরি গেলে অতঃপর তিনি জুতা জোড়া কাগজে মুড়ে বগলদাবা করে আসরে আসতে শুরু করে দিলেন।
রবীন্দ্রনাথ এটা টের পেয়ে গেলেন। তাই একদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এভাবে আসরে প্রবেশ করতে দেখে তিনি বলে উঠলেন, ‘শরৎ, তোমার বগলে ওটা কী পাদুকা-পুরাণ?’ এ নিয়ে সেদিন প্রচণ্ড হাসাহাসি হয়েছিল।

৪। একবার এক দোলপূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে। তো, পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তাঁর জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ রঞ্জিত করে দিলেন।
আবির দ্বারা রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং সহাস্যে বলে উঠলেন, ‘এত দিন জানতাম দ্বিজেন বাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ।’

৫। মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক। একা থাকলে তিনি প্রায়ই গুনগুন করে গান গাইতেন। তো, একদিন তিনি তৎকালীন ছাত্র প্রমথনাথ বিশীকে বললেন, ‘গুরুদেব চিনির ওপর একটি গান লিখেছেন, গানটি বড়ই মিষ্টি।’ অতঃপর তিনি গানটি গাইতে লাগলেন, ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপারে…।’
‘তা চিনির গান তো মিষ্টি হবেই। কিন্তু এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন?’ প্রমথনাথ বিস্মিত হয়ে তাঁকে প্রশ্ন করলেন।
উত্তরে মরিস সাহেব জানালেন, ‘কেন, স্বয়ং গুরুদেবই আমাকে বলে দিয়েছেন।’

৬। কবিগুরুর ৫০ বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল, যেখানে তিনি স্বকণ্ঠে গান করছিলেন। তো, তিনি গাইলেন, ‘এখনো তারে চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি।’ কবিগুরু এটা গেয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি উক্ত কক্ষে প্রবেশের পূর্বক্ষণে, তাই বাগচি মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্ময়-বস্ফািরিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন।
‘সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনেই গুরুদেব তোমাকে চিনেছেন’, সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলেন, ‘তাই তো তাঁর গানের কলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তাঁর গানটি গেয়েছেন।’

৭। সাহিত্যিক ‘বনফুল’ তথা শ্রীবলাইচাঁদ ব্যানার্জির এক ছোট ভাই বিশ্বভারতীতে অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছেই কার কাছ থেকে যেন জানলেন, রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন। অতএব রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে রবীন্দ্রনাথ যখন বললেন, ‘কী হে, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি’, তখন বলাইবাবুর ভাই চেঁচিয়ে জবাব দিলেন, ‘আজ্ঞে না, আমি অরবিন্দ।’
রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, ‘না কানাই নয়, এ যে দেখছি একেবারে শানাই।’

৮। একবার কালিদাস নাগ ও তাঁর স্ত্রী জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বেড়াতে এসেছেন। রবীন্দ্রনাথ মৃদুহাস্যে নাগ-দম্পতিকে প্রশ্ন করলেন, ‘শিশু নাগদের (সাপের বাচ্চাদের) কোথায় রেখে এলে?’ আরেকবার রবীন্দ্রনাথ তাঁর চাকর বনমালীকে তাড়াতাড়ি চা করে আনতে পাঠিয়েছিলেন। কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে বললেন, ‘চা-কর বটে, কিন্তু সু-কর নয়।’
আরও একবার কবিগুরুর দুই নাতনি এসেছেন শান্তিনিকেতনে, কলকাতা থেকে। একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছিলেন; অমনি তিনি বলে উঠলেন, ‘পাণিপীড়ন, না পা-নিপীড়ন?’ প্রথমটায় তারা কিছুই বুঝতে না পারলেও পরে কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিলেন।

About this blog

hit counter

Sample text

ফেসবুকে আমাকে ফলো করুন

ভিজিটর কাউন্ট

Resources

মোট পোস্ট হল

জনপ্রিয় পোস্ট গুলি

আজকের তারিখ হচ্ছে

Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

সমস্ত পোস্ট গুলি এখানে

Featured Posts